কুমিল্লার মুরাদনগরে সড়কে হাঁটু সমান পানি জমার কারণে যানবাহনসহ পথচারী চলাচল ব্যাহত হচ্ছে। উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের নবীনগর সড়কের প্রবেশমুখ থেকে আরম্ভ করে প্রায় ২৫০ মিটার রাস্তা ১ মাস ধরে বৃষ্টির পানির নিচে তলিয়ে আছে। এ উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে বৃষ্টির পানি জমে থাকলেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। যার ফলে এ রাস্তা ব্যবহারকারী জনসাধারণ পড়েছেন চরম বিপাকে। সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে দীর্ঘদিন যাবত এ সড়কে পানি জমে আছে। বিকল্প সড়ক হিসেবে গাড়ি চালকরা কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করার কারণে প্রতিদিন কোম্পানীগঞ্জ বাজারের অংশে লেগে থাকে ঘণ্টার পর ঘণ্টা যানজট। এর ফলে জরুরি সেবা, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারে না গন্তব্যস্থলে। সরেজমিনে গিয়ে দেখা যায়, পায়ে হেঁটে তো দূরের কথা ঝুঁকি নিয়ে রিকশা ও ইজিবাইজক দিয়েও চলাচল করাও কঠিন হয়ে পড়ে উপজেলা সদর ও কোম্পানীগঞ্জ বাজারে আসা জনসাধারণের। রাস্তায় বড় বড় গর্ত হওয়ার কারণে এ রাস্তায় যানবাহন তেমন চলে না।

একটি মন্তব্য পোস্ট করুন